ফুটবল মাঠে সময় নষ্ট করার প্রবণতা রোধে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন এক কঠোর নিয়মের প্রথম শিকার হলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ-তে ভাস্কোর বিপক্ষে ইনজুরি বা চিকিৎসার অজুহাতে খেলা দীর্ঘায়িত করার অভ্যাস ভাঙতে সম্প্রতি চালু হয়েছে অভিনব এই নিয়ম। আর তাতেই সান্তোস অধিনায়ককে পড়তে হলো অদ্ভুত এক অভিজ্ঞতার মুখে।
ঘটনাটি রবিবারের, ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের বড় জয় পাওয়ার ম্যাচে। ম্যাচের একটি পর্যায়ে দলের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসা নেওয়ার জন্য মাঠেই বিরতির আবেদন করেন।
নতুন নিয়ম অনুযায়ী, গোলকিপার ইনজুরি বিরতি নিলে কোচকে ঠিক ১০ সেকেন্ডের মধ্যে দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে চিহ্নিত করতে হবে, যিনি খেলা শুরুর পর এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকবেন। কিন্তু সান্তোস কোচ কুকা নির্ধারিত সেই সময়ের মধ্যে কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করতে ব্যর্থ হন। নিয়মের আরও এক অংশ হিসেবে তখন বাধ্য হয়েই রেফারি দলীয় অধিনায়ক নেইমারকে ১ মিনিটের জন্য মাঠ ছেড়ে বাইরে যাওয়ার নির্দেশ দেন।
ফুটবল খেলায় গতিশীলতা ফেরাতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময়ক্ষেপণ রুখতে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই আইনটি প্রয়োগের পরিকল্পনা চলছে। পরীক্ষামূলক নিয়ম যদি সফল হয়, তবে আগামী ২০২৭-২৮ মৌসুম থেকেই বিশ্বজুড়ে ফুটবলের স্থায়ী আইন হিসেবে এটি যুক্ত হতে পারে। আর তার আগেই এই নিয়মের প্রথম খড়্গটি সরাসরি এসে পড়ল ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমারের ওপর।