চ্যাম্পিয়ন্স লিগে দাপুটে শুরু ঋতুপর্ণাদের 

এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে দুর্দান্ত এক সূচনা পেল ঋতুপর্ণা চাকমার ক্লাব আয়েয়াওয়াডি। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে সিঙ্গাপুরের জুরাং এফসিকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিয়ানমারের ক্লাবটি। এই ম্যাচে ঋতুপর্ণা গোল না পেলেও তার দুর্দান্ত পারফরম্যান্স ও অ্যাসিস্টে জয় দিয়েই আসর শুরু করেছে তার দল।

ম্যাচের শুরু থেকেই মিয়ানমার চ্যাম্পিয়নদের মূল একাদশে আলো ছড়িয়েছেন বাংলাদেশি তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা। প্রতিপক্ষের রক্ষণভাগে বেশ কয়েকবার ত্রাস সৃষ্টি করেন তিনি। ম্যাচের প্রথমার্ধে পরপর দুটি গোল করার সুযোগ পেলেও জুরাং গোলরক্ষকের দৃঢ়তায় জালের দেখা পাননি।

তবে ম্যাচের ৩৫ মিনিটে নিজের নামের প্রতি ঠিকই সুবিচার করেছেন এই বাংলাদেশি তারকা। বাম দিক থেকে দারুণ এক বল বাড়িয়ে দিয়ে সতীর্থ ইউ কাসাইকে গোল করার সুযোগ করে দেন তিনি, যা থেকে ম্যাচের ডেডলক ভেঙে প্রথম গোল আদায় করে নেয় আয়েয়াওয়াডি।

বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় মিয়ানমার ক্লাবটি। বদলি হিসেবে নামা উইন থেইঙ্গি তুন এবং লিন মিন্ট মো ৫৫ ও ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ তে নিয়ে যান। পরবর্তীতে ম্যাচের ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন উইন তুন।

অন্যদিকে, ঋতুপর্ণার আগের ক্লাব রাজশাহী স্টার্সের জন্য দিনটি সুখের হয়নি, ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরে গেছে তারা। আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের নো লিমিটস এফসির মুখোমুখি হবে আয়েয়াওয়াডি।