দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে জামালপুরে স্মারকলিপি

জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন দলিল লেখকেরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জামালপুর জেলা দলিল লেখক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। 

এর আগে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি আরজু আকন্দ, সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সহসভাপতি বাবুল মিয়া, সদর দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোহন আকন্দ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাবুল, রাজিব হাসানসহ অন্যরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ যাতে দলিলের মুসাবিদা করতে না পারেন, সে বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। একই সঙ্গে থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখকের লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকার দাবি জানান তারা।

এ ছাড়া দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জন্যও জোর দাবি জানান বক্তারা।

পরে সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন জামালপুর জেলা দলিল লেখক সমিতির নেতারা।