অবশেষে পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন বলে পিএসসির দায়িত্বশীল সূত্র নিশ্চিত দেশ রূপান্তরকে করেছে।

এরআগে বিকালে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মোবাশ্বের মোনেম সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সে সময় তিনি বিষয়টি একেবারে অস্বীকারও করেননি। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি কেবল বলেন, ‘হলে জানবেন।’ 

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সে সময় রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে ব্যাপক রদবদল ও সংস্কার কার্যক্রম শুরু হয়।

এরই ধারাবাহিকতায় তুমুল বিক্ষোভ ও দাবির মুখে পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য একযোগে পদত্যাগ করতে বাধ্য হন। পিএসসির শীর্ষ পদে তৈরি হওয়া সেই শূন্যতা পূরণে এবং কমিশনে গতিশীলতা আনতে ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

নিয়োগ পাওয়ার পর থেকে প্রায় দুই বছর ধরে তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তার এই দায়িত্ব পালনকালে বিসিএসসহ সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় হারানো আস্থা ও স্বচ্ছতা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়। তবে হঠাৎ করে কেন তিনি এই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।

পিএসসি সূত্রে জানা যায়, যেকোনো সময় তার পদত্যাগপত্র সরকারের উচ্চপর্যায়ে পাঠানো হবে। পদত্যাগপত্র গৃহীত হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী নতুন কাউকে এই শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। সরকারের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে যেন কোনো স্থবিরতা তৈরি না হয়, সে জন্য দ্রুততম সময়ের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে সরকার পদক্ষেপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।