কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে কোনো সারের সংকট নেই। তারপরও বিশৃঙ্খলা হচ্ছে, কারণ সার নিয়ে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) কৃষিপণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের ব্যবস্থাসহ বিমানবন্দরে বিভিন্ন সুবিধা বাড়ানোর বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এখন আমাদের কাছে বেশি সার রয়েছে। অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার জায়গাও নেই। তাই সার নিয়ে কোনো সমস্যা নেই।
তিনি বলেন, সার নিয়ে আমরা নতুন একটি নীতিমালা করেছি। যারা বঞ্চিত হবেন বলে মনে করছেন, তাদের কেউ কেউ সমস্যা তৈরি করছেন। বিষয়টি ধীরে ধীরে শিগগির ঠিক হয়ে যাবে।
মন্ত্রী বলেন, আমাদের কাছে পর্যাপ্ত সার থাকায় ষড়যন্ত্র নিয়ে ভয় নেই। যারা এসব করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, এগুলো ভালো নয়, এগুলো করবেন না।