আল্লুকে ক্ষমা চাইতে বললেন নেটিজেনরা

ভারতের স্বাধীনতা দিবসে ভক্তদের শুভেচ্ছা জানাতে একটি ছবি পোস্ট করে তুমুল বিতর্কে জড়ান তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন।  যদিও তোপের মুখে  পোস্টটি মুছে দিয়েছেন অভিনেতা কিন্তু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

আল্লু অর্জুনের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, লালকেল্লার ওপর তেরঙ্গা পতাকা। ছবির পেছনের অংশে অশোকচক্র থাকলেও জাতীয় পতাকাটিতে সেটি ছিল না। ছবিতে অভিনেতার লোগোও ছিল। জাতীয় পতাকার গুরুত্বপূর্ণ একটি বিষয় বাদ দেওয়ায় অনেকেই তার সমালোচনা করেন। পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘তার পুরো ভারতের কাছে ক্ষমা চাওয়া উচিত। শুধু পোস্ট মুছে দিলেই হবে না। খুবই লজ্জাজনক ও শিশুসুলভ কাজ।’ 

আরেকজন প্রশ্ন তোলেন, ‘লালকেল্লায় তার নাম কেন?’ অন্য একজন লেখেন, ‘জ্ঞান নেই।’ আরেক নেটিজেন মন্তব্য করেন, ‘আল্লু অর্জুন ভারতের জাতীয় পতাকা দেখতে কেমন, সেটাও জানেন না।’ একজন লিখেছেন, ‘তীক্ষ্ণ দৃষ্টির ভক্তরা ভারতের পতাকা থেকে অশোকচক্র অনুপস্থিত থাকার বিষয়টি লক্ষ্য করার পর আল্লু অর্জুনকে স্বাধীনতা দিবসের পোস্টটি মুছে ফেলতে হয়েছে। নেটিজেনরা যেকোনও খুঁটিনাটি বিষয়ই নজর এড়াতে দেন না।’