সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল বা পে-স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে আশির দশকের জনপ্রিয় বাংলা সিনেমা ‘অবুঝ হৃদয়’-এর একটি গান।
প্রয়াত অভিনেতা জাফর ইকবাল ও অভিনেত্রী ববিতার ঠোঁট মেলানো ‘তুমি আমার জীবন’ গানটি গেয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।
গানটির ‘কেউ জানে না’ কথাটিই যেন বর্তমান পে-স্কেল নিয়ে চলমান অনিশ্চয়তার সঙ্গে মিলে গেছে। ফলে মজার ছলে গানটির ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যা অনেকে শেয়ার করেন।
রুবেল মাহমুদ নামে একজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেল নিয়ে আলোচনা যে কবে শেষ হবে জানি না। প্রতিদিনই নতুন নতুন খবর আসে, কিন্তু চূড়ান্ত খবর কবে আসবে কেউ জানে না। এটা কবে জানা যাবে, সেটাও মনে হয় কেউ জানে না।’
পে-স্কেল নিয়ে আলোচনা কবে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে—সেই প্রশ্নের উত্তর এখনো অনিশ্চিত। আর এই ‘কবে’ প্রশ্নটিই যেন পুরোনো গানটির ‘কেউ জানে না’ কথার সঙ্গে নতুন করে মিলে গেছে। ফলে পুরোনো গানটি আবারও জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায়।
ফারুক সাকিব নামে আরেকজন লিখেছেন, ‘পে-স্কেল নিয়ে যে অনিশ্চয়তা চলছে, তার সঙ্গে গানের কথা একেবারে মিলে গেছে। আমরা কেউ কিছু জানি না। কিন্তু প্রতিদিনই এই খবর প্রকাশ পায়।’
অনলাইনে গানটির জনপ্রিয়তাও কম নয়। ইউটিউবে ‘তুমি আমার জীবন’ গানটি ১৮ মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। সিনেমার অন্যতম আলোচিত এই গানের জাফর ইকবাল-ববিতার ঠোঁট মেলানো দৃশ্যের ১৪ সেকেন্ডের ক্লিপটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের খোরাক জোগাচ্ছে।
‘অবুঝ হৃদয়’ সিনেমাটি পরিচালনা করেছিলেন মোস্তফা আনোয়ার। আর ‘তুমি আমার জীবন’ গানের কথা লিখেছিলেন গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।