চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে সড়কে মৃত্যু ৭, আহত ২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারীসহ ৩ জন নিহত হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এবং দুপুরে গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ ঘটনা ঘটে।

চাঁপাইগঞ্জের দুর্ঘটনায় নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও জমির উদ্দিনের ছেলে আবু হায়াত এবং শেখটোলা মহল্লার জাফর আলীর ছেলে জাবের আলী ও এরফান আলীর ছেলে আসাদ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সোনামসজিদ স্থলবন্দরের কাজ শেষে  বাড়ি ফেরার পথে শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের সঙ্গে আবু হায়াত ও হাবিবুর রহমানের মোটরসাইকেলটির ধাক্কা গেলে দুজনের মৃত্যু হয়।

পরে দুপুরে কানসাট এলাকায় মোট্রসাইকেল আরোহী আসাদ আলী ও জাবের আলী একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুজনের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, ভোরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুপুরে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক।

সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটি রাস্তার পাশে খাঁদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তার উপর উল্টে পড়ে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।  এই দুর্টনায় মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করছে।