বাংলাদেশ-ভারত ব্যবসায়িক সহযোগিতায় দুই টাস্কফোর্সের প্রস্তাব

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক সম্পর্ক জোরদার, বিনিয়োগ বাড়ানো এবং নতুন প্রযুক্তিনির্ভর শিল্পে যৌথভাবে কাজ করতে দুটি বিজনেস-টু-বিজনেস (বিটুবি) টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।

 

এর একটি হবে অবকাঠামো খাতকেন্দ্রিক, অন্যটি নতুন ও উদীয়মান প্রযুক্তিনির্ভর শিল্প নিয়ে।

মঙ্গলবার (১৮ আগষ্ট) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে সিআইআই প্রতিনিধি দলের বৈঠকে প্রস্তাব দুটি দেওয়া হয়। এর আগে বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও বিষয়টি তুলে ধরে ভারতীয় প্রতিনিধি দল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।

এফবিসিসিআই প্রশাসক ফজলুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। উপস্থিত ছিলেন সিআইআই মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী, ইনফ্রাভিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভিনায়ক চট্টোপাধ্যায়সহ দুই দেশের ব্যবসায়ী নেতারা।

চন্দ্রজিৎ ব্যানার্জী বলেন, অবকাঠামো টাস্কফোর্সের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় করবেন। প্রতি প্রান্তিকে বাংলাদেশ ও ভারতে পালাক্রমে বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় টাস্কফোর্সে সেমিকন্ডাক্টর, নিউক্লিয়ার পাওয়ার, হাইড্রোজেন-অ্যামোনিয়া, গ্রিন এনার্জি, ব্যাটারি স্টোরেজ, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সৌরশক্তিসহ বিভিন্ন ‘সানরাইজ সেক্টর’ নিয়ে কাজ হবে।

এফবিসিসিআই প্রশাসক বলেন, অবকাঠামো ও নতুন প্রযুক্তিনির্ভর শিল্পে ভারতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত বিটুবি যোগাযোগ বাড়লে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও যৌথ উদ্যোগের নতুন সুযোগ তৈরি হবে।