প্রথমবার বড়পর্দায় পা রাখছেন ‘নাগিন’খ্যাত ভারতীয় টিভি অভিনেত্রী ও প্রযোজক একতা কাপুর। নাগপঞ্চমীর আবহেই নতুন চমক দিলেন তিনি। জনপ্রিয় অতিপ্রাকৃত এই ফ্র্যাঞ্চাইজিকে এবার টেলিভিশনের গণ্ডি পেরিয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করলেন একতা। তাতেই জল্পনা, এবার তা হলে ‘নাগিন’-এর দেখা মিলবে বড়পর্দায়! সরাসরি ঘোষণা না করলেও, সেই ইঙ্গিতই দিয়েছেন প্রযোজক। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সুখবরটি জানিয়েছেন একতা। সেই ভিডিওতে ‘নাগিন’-এর বিভিন্ন মৌসুমে মুখ্যচরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের ঝলক দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় একতা লিখেছেন, ‘নতুন কিছু আসছে! অপেক্ষা করুন।’
ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে কৌতূহল। কারণ, ২০১৫ সালে শুরু হওয়া ‘নাগিন’ যে শুধু একটি ধারাবাহিক নয়, ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি, তা বলাই যায়। পুরাণ, অলৌকিকতা, প্রেম এবং পারিবারিক টানাপড়েন— সবকিছুর মিশেলে তৈরি এই সিরিজ় খুব অল্প সময়েই দর্শকের নজর কাড়ে। প্রথম মৌসুমে নাগিনের ভূমিকায় দেখা গিয়েছিল মৌনী রায়কে। তার বিপরীতে ছিলেন অর্জুন বিজলানি। দ্বিতীয় মরসুমেও মৌনীই কেন্দ্রীয় চরিত্রে ছিলেন। তৃতীয় মরসুমে সেই দায়িত্ব সামলান সুরভী জ্যোতি। চতুর্থ মরসুমে মুখ্য চরিত্রে দেখা দিয়েছিলেন নিয়া শর্মা। যদিও করোনা পরিস্থিতির কারণে সেই মরসুমের পথচলা আচমকাই থেমে যায়।
এর পর ষষ্ঠ মরসুমে একতা বেছে নিয়েছিলেন তেজস্বী প্রকাশকে। ‘বিগ বস্ ১৫’-এর বিজয়ী হওয়ার পরেই তাঁকে ‘নাগিন’-এর মুখ করা হয়েছিল। সর্বশেষ সপ্তম মরসুমে ছিলেন প্রিয়ঙ্কা চহর চৌধরী, ঈশা সিংহ, নমিক পল, কণিকা মান-সহ একাধিক পরিচিত মুখ। ২০২৫ সালে শুরু হওয়া সেই মৌসুমের সম্প্রচার শেষ হয়েছে ২০২৬ সালের ১৪ জুন। তবে সিনেমায় ‘নাগিন’ হিসাবে কাকে দেখা যাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একতা এখনও কোনো অভিনেতা বা অভিনেত্রীর নাম ঘোষণা করেননি। ফলে বলিউডের কোনো জনপ্রিয় নায়িকা, নাকি টেলিভিশনের পরিচিত মুখ— কাকে বড়পর্দার নাগিন হিসাবে বেছে নেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।