শিক্ষকদের পেশার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নিজের পেশাকে ভালোবাসতে না পারলে, সেই কাজ উপভোগ করা যায় না। তাই শিক্ষকদেরকে নিজের পেশার প্রতি ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) 'সদ্য জাতীয়করণকৃত সরকারি কলেজসমূহের শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্স' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। 

তিনি বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তাই তাদেরকেও যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। সেজন্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিজের সন্তানের সমতুল্য। তাই প্রতিটি শিক্ষককে তাদের শিক্ষার্থীদের নিজ সন্তানের মত করেই শিক্ষা দিতে হবে। এদেশের শিক্ষার্থীদের শিক্ষার দায়িত্ব পুরো জাতি শিক্ষকদের হাতে তুলে দিয়েছে। তাই শিক্ষকদেরকে যথাযথভাবে এই দায়িত্ব পালন করতে হবে। আর শিক্ষকদের সুবিধা-অসুবিধার বিষয় দেখার দায়িত্ব রাষ্ট্রের। 

নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নায়েমের পরিচালক প্রফেসর মো. শাহজাহান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। 

৪৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মোট ৯টি ভেন্যুতে ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।