খুলনা মহানগরীর হরিণটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলায় এমদাদুল হাওলাদার ওরফে জিহাদকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ (ডিবি), কেএমপি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জিহাদ শীর্ষ সন্ত্রাসী হুমার সহযোগী।
গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টা থেকে দেড়টার মধ্যে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে হরিণটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। একই ঘটনায় পূর্বে গ্রেফতার হওয়া অন্যান্য আসামিদের সঙ্গে তার যোগাযোগের তথ্যও তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংঘবদ্ধ ডাকাতির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।