বোরহানউদ্দিনের দম্পতি পীযূষ-শুভ্রা হলেন উপসচিব

ভোলার বোরহানউদ্দিনের কৃতী সন্তান পীযূষ চন্দ্র দে ও তাঁর সহধর্মিণী শুভ্রা দাস একই সঙ্গে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁদের এ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। স্বামী-স্ত্রী দুজনের একসঙ্গে উপসচিব হওয়ার খবরে বোরহানউদ্দিনে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, এ অর্জন শুধু পদোন্নতি নয়; দীর্ঘদিনের মেধা, পরিশ্রম, দক্ষতা, সততা ও দায়িত্ববোধের স্বীকৃতি। কৃতী এ দম্পতির সাফল্যে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীও আনন্দিত।

পীযূষ চন্দ্র দে ছোটবেলা থেকেই পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে ছিলেন মনোযোগী। ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করার পর শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক বিভাগেও দায়িত্ব পালন করেন। এরপর প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

অন্যদিকে শুভ্রা দাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি। পরে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালের সহযোগী হিসেবে বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার ক্ষেত্রেও কাজ করেন তিনি।

প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস দেশের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসনে কাজ করার অভিজ্ঞতায় তাঁরা সাধারণ মানুষের কাছাকাছি থেকে জনসেবার সুযোগ পান।

দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এবার দুজনই উপসচিব পদে পদোন্নতি পেলেন। একই সঙ্গে স্বামী-স্ত্রীর এ অর্জনকে বোরহানউদ্দিনের জন্য বিরল গৌরবের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।

বোরহানউদ্দিনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাসকে অভিনন্দন জানিয়েছেন। নতুন দায়িত্বে তাঁদের মেধা, অভিজ্ঞতা ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।