বাউফলে সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে ‘ঘাস খাওয়াতে ২০০ টাকা লাগে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনের সড়কে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে চন্দ্রদ্বীপ ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন ১ নম্বর ওয়ার্ডের মো. শাহআলম রাড়ি, নুপুর বেগম, মো. সোহেল রাড়ি ও সীমা আক্তার, ২ নম্বর ওয়ার্ডের মো. বশির হাওলাদার ও কলি বেগম এবং ৫ নম্বর ওয়ার্ডের মনির হাওলাদার ও আবুল ফকির প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, সাইফুল শরীফ, মো. সোহাগ ও আলামিন একসময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ৫ আগস্টের পর তারা নিজেদের রক্ষা করতে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। তারা নানা ধরনের মব সৃষ্টি করে মানুষের ওপর হামলা ও মামলা করে হয়রানি করে আসছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তারা প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে যারা মিথ্যা অভিযোগ করেছেন, তাদের সবাইকে আইনের আওতায় এনে দোষীদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রদলের সহসভাপতি মো. মাঈনুদ্দিন ও তার বাবার ওপর গত ১০ আগস্ট রাতে হামলার অভিযোগ ওঠে জামায়াত নেতা সাইফুল শরীফ, সোহাগ ও আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাইনুলকে চাঁদাবাজ আখ্যা দেওয়া হলে বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও জামায়াতের অপপ্রচার বন্ধের দাবি জানান। পাশাপাশি প্রকাশিত সংবাদের বিষয়ে যথাযথ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে কয়েকশ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেন।