মাদারীপুরে প্রতি কেজিতে ৭০–৮০ টাকা লাভ, অবশেষে ধরা খেল দোকানি

মাদারীপুরে প্রতি কেজিতে ৭০–৮০ টাকা লাভ, অবশেষে ধরা খেল দোকানি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত মুনাফায় সবজি বিক্রির দায়ে দুই দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসিকেও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) কালকিনি মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।

অভিযানে বেলায়েতের সবজির দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং প্রতি কেজি সবজিতে প্রায় ৭০ থেকে ৮০ টাকা অতিরিক্ত মুনাফা করার অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মিঠু সরদারের সবজির দোকানিকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে এস এম মেডিকেল হলকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল বলেন, “ব্যবসায়ীদের অবশ্যই পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে এবং যৌক্তিক মুনাফায় পণ্য বিক্রি করতে হবে। অতিরিক্ত মুনাফা, মূল্য তালিকা প্রদর্শন না করা কিংবা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

তিনি আরও বলেন, “ব্যবসায়ীরা যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনা করেন—এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।”

অভিযানে সংশ্লিষ্টদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।