আতলেতিকো মাদ্রিদের হয়ে লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট না থাকায় তাকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের কোচ ডিয়েগো সিমিওনে। তবে আলভারেজের ক্লাব ছাড়ার যে জোর গুঞ্জন উঠেছিল, তা একপ্রকার পুরোপুরি উড়িয়ে দিয়েছেন আতলেতিকো বস।
ম্যাচের আগের মঙ্গলবার সংবাদ সম্মেলনে ডিয়েগো সিমিওনে জানান, "আমরা মনে করি হুলিয়ান এই ম্যাচে অংশগ্রহণ করার মতো প্রয়োজনীয় শারীরিক অবস্থায় নেই। আশা করছি আগামী চার দিনে তার উন্নতির সাথে সাথে আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় তাকে দেখতে পাব।"
ক্লাবে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে উঠা প্রশ্নের জবাবে সিমিওনে সরাসরি বলেন, "যদি ক্লাবের মালিকই এ ব্যাপারে এত দৃঢ়ভাবে নিজের অবস্থান প্রকাশ করে থাকেন, তবে আমার আর নতুন করে কিছু যোগ করার নেই। আদালতের মতো করে বললে—এখন আর কোনো সংশয়ের সুযোগ নেই।"
সিমিওনে আরও যোগ করেন, "আমাদের মাঠের খেলার দিকে মনোযোগ দিতে হবে। মানুষ এবং ফুটবলার হিসেবে তাকে সর্বোচ্চ যত্ন নিতে হবে, যাতে তিনি নিজের সেরা ছন্দে ফিরে এসে আটলেটিকোর হয়ে মাঠে অবদান রাখতে পারেন।"
ক্লাব কর্তৃপক্ষের অনড় মনোভাবের পর এটা স্পষ্ট যে, আলভারেজ আটলেটিকোতেই থাকছেন এবং পরবর্তী ম্যাচগুলোতে তাকে আবার চেনা রূপে দেখার অপেক্ষায় সমর্থকরা।