খুলতে পারবে ব্যাংক হিসাব

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এ-৩’সহ অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে প্রযোজ্য ‘কেরয়াইসি’ বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার এ বিষয়ে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের ভিসায় বাংলাদেশে আসা বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। মেয়াদ শেষ হলে তা নবায়নও করতে হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিদেশি নাগরিকের ওয়ার্ক পারমিটে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতাদি গ্রহণের শর্ত আরোপ করা হয়ে থাকে। একইভাবে অন্যান্য এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদেরও বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজন হয়।

এ অবস্থায় ‘এ-৩’ ক্যাটাগরিসহ অন্যান্য ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রযোজ্য কেওয়াইসি বিধি যথাযথভাবে পরিপালন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে বৈধ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।