নিজেকে দুর্ভাগা ভাবেন না শরিফুল

শরিফুল ইসলামকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দেখে পাশ থেকে খোঁচা দেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ‘ও তো ম্যাচই খেলেনি। ওর সাক্ষাৎকার কেন নিচ্ছেন।’ অর্থাৎ ঐতিহাসিক ডারউইন টেস্ট জয়ের ম্যাচে আনুষ্ঠানিকভাবে দলে ছিলেন না শরিফুল। চোটের কারণে দ্বিতীয় ম্যাচের দলে ফিরেছেন তিনি। অথচ এখন বাংলাদেশ টেস্ট দলের অন্যতম সদস্য, চোটে না পড়লে ডারউইন টেস্ট খেলার কথা ছিল তার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটি ঐতিহাসিক জয়ের ম্যাচে একাদশে না থাকলেও আফসোস নেই শরিফুলের, ‘দুর্ভাগ্য বলব না। যেটা হয়, সেটা তো বলে-কয়ে হয় না। চোটের পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, পুনর্বাসন করেছি। আমার মনে হয়, শরীরের জন্য ভালো হয়েছে।’

বরং সতীর্থদের জন্য প্রার্থনা করেই তৃপ্ত বাংলাদেশের এই বাঁহাতি পেসার, ‘আমি বলব না যে আমি আনলাকি। যারা খেলছে, তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি। যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা জিততে পারি। ম্যাচ যখন জিতেছি, বাংলাদেশের সবার চেয়েও আমি বেশি খুশি হয়েছি।’

দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকেতে পৌঁছে এখন সিরিজ জয় ছাড়া কোনো ভাবনা নেই বলেই মন্তব্য করেন শরিফুল, ‘অবশ্যই, কোনো দল চায় না সিরিজ জিততে? আমরাও চাচ্ছি সিরিজ জিততে। সেভাবেই আমরা চেষ্টা করব।’