বোয়ালমারীতে খাদে মিলল যুবকের মরদেহ

ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার দুই দিন পর দুর্ঘটনাস্থলের পাশের পুকুর থেকে হাফিজুর রহমান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) সকালে স্থানীয়রা পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। তবে তিনি বাসের যাত্রী ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত হাফিজুর রহমান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামের কাউসার মোল্লার ছেলে।

এর আগে সোমবার দুপুরে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় ফরিদপুরগামী লোকাল বাস (ফরিদপুর-ব-১১০৫২) ও বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। আর ট্রাকটি রাস্তার পাশের বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন একটি খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন।

দুর্ঘটনার দুই দিন পর বুধবার সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থলের পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহের পরিচয় জানা যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। বাস ও ট্রাক থানায় আটক রয়েছে। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে হাফিজুর রহমান বাস-ট্রাক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।