ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারের পর অস্ট্রেলীয় ক্রিকেটাঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। ঘরের মাঠে স্বাগতিক দলের এমন বিপর্যয়ের জন্য দল নির্বাচকদের চরম অব্যবস্থাপনা এবং ভুল দল নির্বাচনকেই এবার সরাসরি কাঠগড়ায় তুলেছেন অজিদের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম চ্যানেল নাইন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘যদি ভুল খেলোয়াড় বাছাই করেন, তাহলে সমস্যায় পড়তেই হবে। অস্ট্রেলিয়ার দল নির্বাচন দেখে আমার মনে হয়েছে, তারা বিষয়গুলো খুব একটা ভালোভাবে বোঝে না। আমার কাছে মনে হচ্ছে, নির্বাচকরাই নিজেদের এই সমস্যার মধ্যে ফেলেছেন। এখন তাদেরই বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে। কিন্তু সেই পথ খুঁজে বের করার মতো যোগ্যতা তাদের আছে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই।’
লোয়ার অর্ডারে অলরাউন্ডার বেউ ওয়েবস্টারকে সাত নম্বরে খেলানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে চ্যাপেল বলেন, ‘তিনি সেখানে সেঞ্চুরি করার জন্য আছেন, আর আপনি তাকে সাতে ব্যাট করাচ্ছেন। এটা কী? এটা বাজে সিদ্ধান্ত।’
আসন্ন ম্যাকে টেস্টের আগে দলের ব্যাটিং লাইনআপের বেহাল দশা কাটাতে ম্যাট রেনশ, স্মিথ, হেড ও লাবুশেনকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কড়া মন্তব্যও করেছেন এই সাবেক অধিনায়ক।
ম্যাট রেনশ ও ওপেনিং জুটি নিয়ে পরামর্শ
চলতি সিরিজে ওপেনিংয়ে ব্যর্থ হওয়া জেক ওয়েদারাল্ডকে নিয়ে চ্যাপেল অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। মাত্র ২০-এর কোঠায় গড় থাকা এই ব্যাটারকে বাদ দিয়ে অবিলম্বে অভিজ্ঞ ম্যাট রেনশকে একাদশে ফেরানোর দাবি জানিয়েছেন তিনি। অবশ্য অজিরা ইতিমধ্যেই ওয়েদারাল্ডকে বাদ দিয়েছে ম্যাকে টেস্টের দল থেকে। রেনশের অন্তর্ভুক্তি প্রসঙ্গে চ্যাপেল বলেন, ‘ওয়েদারাল্ড টেস্ট খেলোয়াড় নয়। তাকে কখনোই ওপেনিংয়ে খেলানো উচিত হয়নি। আমি ওয়েদারাল্ডের আগে রেনশকে খেলাব।’ এছাড়া তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে রেনশের সঙ্গে ওপেনিংয়ে ফিরিয়ে আনার ঝুঁকি নেওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি, যাতে ব্যাটিং অর্ডারে কিছুটা অভিজ্ঞতা ও থিতু হওয়ার সুযোগ তৈরি হয়।
স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেনের পজিশন বদল
দীর্ঘদিন ধরে ফর্মে না থাকা মারনাস লাবুশেনকে নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন চ্যাপেল। ২০২৩ সালের অ্যাশেজের পর থেকে টেস্টে নড়বড়ে পারফরম্যান্স এবং নামের প্রতি সুবিচার করতে না পারা লাবুশেনকে তিন নম্বর পজিশন থেকে সরিয়ে দেওয়ার পক্ষে তিনি। তার মতে, দলের সেরা ব্যাটার হিসেবে স্টিভ স্মিথেরই তিন নম্বরে ব্যাট করা উচিত। এই বিষয়ে চ্যাপেলের ভাষ্য, ‘তিনি (স্মিথ) দলের সেরা খেলোয়াড়। এবং জো রুটের ক্ষেত্রেও একই কথা। ইংল্যান্ডের যখন তাকে তিন নম্বরে প্রয়োজন ছিল, সে কি তখন করেনি? অস্ট্রেলিয়ার একজন তিন নম্বর দরকার। লাবুশেন তিন নম্বরের মতো খেলছে না, আর সে ভালোও খেলছে না। স্মিথের শুরু থেকেই তিন নম্বরে ব্যাট করা উচিত ছিল, কারণ সে সেরা খেলোয়াড় এবং তিন নম্বরে ব্যাট করার জন্য তার সবকিছুই আছে। আর যদি সে চার নম্বরেই শুধু ব্যাটিং করতে চায়, তাহলে সেটা দুর্ভাগ্যের। এগুলোই সেই কঠিন সিদ্ধান্ত যা নির্বাচকদের নিতে হবে।’
ট্রাভিস হেডকে দেখতে চান মিডল অর্ডারের ভূমিকায়
গত মৌসুমে ওপেনিংয়ে বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেললেও, ট্রাভিস হেডকে তার চেনা পজিশনে ফিরিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন চ্যাপেল। ব্যাক-টু-ব্যাক অ্যালান বর্ডার মেডেল জয়ী এই ব্যাটারকে ওপেনিংয়ে না রেখে মিডল অর্ডারে খেলানো উচিত বলে মনে করেন তিনি। ‘হেড পাঁচ নম্বরের ব্যাটসম্যান। আসলে সে ওপেনার নয়। তাকে পাঁচ নম্বরে ফিরিয়ে দেওয়া ভালো হবে। যদিও আমি নিশ্চিত নই, তাদের হাতে আর অন্য কোনো ওপেনার আছে কি না।’
সবমিলিয়ে, আগামী ২২ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে হোয়াইটওয়াশ এড়াতে এবং দলের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করতে নির্বাচকদের সাহসিকতার সঙ্গে এই কঠিন সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন চ্যাপেল।