চুরির অপবাদে হেনস্তার শিকার যুবকের আত্মহত্যা

ময়মনসিংহের নান্দাইলে মোবাইল চুরির অপবাদে শারিরীক হেনস্তার শিকার নাঈম মিয়া নামে এক যুবকের আত্নহত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর রাত আটটার দিকে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ।

নাঈম নান্দাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঝালুয়া দক্ষিণপাড়া গ্রামের হারুন-অর রশিদের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই এলাকার জামসেদের ছেলে নিজের একটি মোবাইল ফোন বিক্রি করলেও চুরির অভিযোগ আনা হয় নাঈমের বিরুদ্ধে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে জামসেদ ও তার ভাতিজা হুমায়ুন মিয়া জোরপূর্বক নাঈমকে ঘর থেকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। চুরির মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে শারীরিক হেনস্তার অপমান সহ্য করতে না পেরে সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন নাঈম। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহতের মামা আবদুল মান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, জামসেদের ছেলে নিজে মোবাইল বিক্রি করে নাঈমের ওপর চুরির দায় চাপিয়েছে। দুপুরে তারা নাঈমকে মারধর করে চরম অপমান করে। এই মিথ্যা  অপবাদ সহ্য করতে না পেরে আমার ভাগনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের  অপরাধের সুষ্ঠু বিচার চাই।

তবে অভিযোগের বিষয়ে জানতে জামসেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নান্দাইল মডেল থানার ওসি আজাহারুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।