বোরহামের হয়ে অভিষেকেই নজর কাড়লেন ফারহান

ইংলিশ ফুটবলে নিজের জাত চেনাতে শুরু করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের দল বোরহাম উডে যোগ দেওয়ার পর নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

ন্যাশনাল লিগ কাপে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখে ম্যাচের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছেন তিনি।

ঘরের মাঠ মিডো পার্কে ম্যাচের ৪১ মিনিটে বক্সের ভেতর থেকে নিখুঁত ফিনিশিংয়ে বোরহাম উডের হয়ে নিজের অভিষেক গোলটি করেন ফারহান। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+২ মিনিটে) তারান আল্লারাখিয়ার গোলেও দারুণ ভূমিকা রাখেন এই তরুণ। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে যায় ফারহানের দল।

 

তবে দ্বিতীয়ার্ধে এসে দুটি গোল শোধ করে লিডস ইউনাইটেড। সেখান থেকে ম্যাচের শেষ সময় পর্যন্ত স্কোরলাইনে বদল না এলেও ম্যাচের ৮২তম মিনিটে জাদুকারি পারফর্ম এর আরও এক ঝলক দেখান ফারহান। মাঝমাঠ থেকে দুর্দান্ত একক গতিতে ডিফেন্ডারদের কাটিয়ে গোল করার আরেকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি, যা লিডসের গোলরক্ষকের দারুণ সেভে ব্যর্থ হয়।

তরুণ এই উইঙ্গারের এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ম্যাচ প্রতিবেদনে ক্লাবটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘ফারহান আলী ওয়াহিদ প্রথম একাদশে সুযোগ পেয়েই আলো কেড়ে নিয়েছেন। বল পায়ে তাঁর সাবলীল দৌড়, বুদ্ধিদীপ্ত ছোট পাস এবং দ্রুত বল দখলের ক্ষমতা ছিল দারুণ উপভোগ্য।’ 

ফুলহামের একাডেমিতে ১২ বছর বয়সে যোগ দেওয়া ফারহান গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে চমৎকার পারফরম্যান্সের সুবাদে ২০২৫ সালে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন। এমনকি প্রিমিয়ার লিগ-২ এ দুর্দান্ত খেলে নভেম্বরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। ২০২৬-২৭ মৌসুমের পুরোটা সময় বোরহাম উডে কাটাবেন এই তরুণ।

ইউরোপের ফুটবলের এই স্বপ্নীল যাত্রায় ফারহানের পারফরম্যান্স যেমন নতুন আশার আলো জ্বেলেছে, তেমনি তাকে ঘিরে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রত্যাশার মাত্রাও দিন দিন আকাশচুম্বী হয়ে উঠছে।