শাহীনের জাদুকরী বোলিংয়ে শিরোপা জিতল পাকিস্তান গোল্ড

পাকিস্তানের মূল দল যখন ইংল্যান্ডে তখন ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় চ্যাম্পিয়নস কাপ ২০২৬-এর ফাইনালে বল হাতে অনন্য এক নজির গড়লেন পাকিস্তান গোল্ডের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী লড়াইয়ে পাকিস্তান গ্রিন্সকে ১০১ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নশিপের ট্রফি নিজেদের করে নিয়েছে গোল্ড।

৮ ওভার ৩ বলে ৩৬ রান খরচায় প্রতিপক্ষের ব্যাটিং লাইন একাই গুড়িয়ে দিয়ে ৭ উইকেট নেন শাহীন। এছাড়া শামইয়াল হোসেন ও সাদ খানের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে ফাইনালে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে তারা।

মঙ্গলবারের সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৪০ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান গোল্ড। দলের ইনিংসে ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার শামইয়াল ও মিডল অর্ডার ব্যাটার সাদ। শামইয়াল ৯৩ বলে ১১১ রানের দারুণ এক ইনিংস খেলার পাশাপাশি সাদ খানও সমানতালে লড়ে ১০২ বলে ১১২ রান করেন। এই দুই তরুণের দুর্দান্ত ১৩৭ রানের জুটিই মূলত গোল্ডকে একটি বিশাল স্কোরের ভিত গড়ে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ওমার বিন ইউসুফ ও ফখর জামান ভালো শুরুর আভাস দিলেও শাহীনের পেস আগুনে বোলিংয়ে পথ হারিয়ে ফেলে গ্রিন্স। উইকেটরক্ষক সাদ কায়েস ৫১ বলে ঝোড়ো ৬৭ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালালেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে।

এরপরই বল হাতে মঞ্চে আসেন গোল্ডের দলনেতা শাহীন। ইনিংসের শেষ পর্যায়ে গ্রিন্সের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দিয়ে শেষ ওভারে হ্যাটট্রিক পূর্ণ করে গ্রিন্সের ইনিংসের ইতি টানেন তিনি। গ্রিন্স দল ৩৭.৩ ওভারে মাত্র ২৩৯ রানে গুটিয়ে যায়। বল হাতে শাহীনের এই অবিস্মরণীয় পারফরম্যান্সই গোল্ডশিবিরের জয়কে নিশ্চিত করে দেয়।