এসএস পাওয়ার-১-এর ঋণ ছাড়ে আইনি ছাড় পেল রূপালী ব্যাংক

এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের রূপালী ব্যাংক পিএলসি অংশের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড় করতে পারবে ব্যাংকটি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অনুকূলে এলসি খোলার ক্ষেত্রেও ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর নির্দিষ্ট একটি ধারার বিধান কার্যকর হবে না।

বুধবার (১৯ আগস্ট) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে ইতোপূর্বে অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণে রূপালী ব্যাংকের অংশের অবশিষ্ট অর্থ ছাড় এবং প্রতিষ্ঠানটির অনুকূলে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ২৭কক (৩) ধারার বিধান কার্যকর হবে না।

তবে এ সুবিধার সঙ্গে শর্তও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো দায় সৃষ্টি হবে না। ভবিষ্যতে এ ঋণের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তাও দাবি করতে পারবে না রূপালী ব্যাংক।