মুরাদনগরে দুই মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৪

কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক বিক্রি ও মাদক সেবনের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।

গ্রেপ্তারের সময় দুই মাদক কারবারির কাছ থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে বুধবার (১৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত এসআই সুমন তালুকদার, এসআই আব্দুল্লাহ আল মাসুদ, এসআই আব্বাস কবির, এএসআই মহসিন আলম, এএসআই তানজিদ, এএসআই কাজী সুলতান আহাম্মেদসহ সঙ্গীয় ফোর্স মুরাদনগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মোঃ দুধ মিয়ার ছেলে মিজানুর রহমান (৪৭) ও তার স্ত্রী মুর্শিদা (৩২)। এছাড়া মাদক সেবনের অপরাধে সাজা প্রাপ্ত আসামিরা হলেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের মোছলেম উদ্দিনের ছেলে মোঃ আদু মিয়া(৩২), মোঃ হারুন উর রশিদের ছেলে মোঃ সিয়াম(২০), মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ মহসিন(২১), নহল চৌমুহনী এলাকার আব্দুল মোমেনের ছেলে মোঃ সায়েম(২০), ভুবনঘর গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে জামাল হোসেন(৪৫), সিদ্ধেশ্বরী গ্রামের মৃত মোঃ মালু গাজীর ছেলে মোঃ ইউসুফ(২০) ও মৃত আবুল হাসেমের ছেলে মোঃ আবুল কালাম টিটু(৫১), পরমতলা গ্রামের রুহুল আমীনের ছেলে মোঃ মাশরুফ(১৯) ও মৃত আয়াত আলীর ছেলে গোলাম মোস্তফা (২৪), হারপাকনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজুল (২৪), কৃষ্ণপুর গ্রামের সন্তোষ চন্দ্র নট্টর ছেলে রতন চন্দ্র নট্ট (৪০) ও মৃত শব্দর আলীর ছেলে আমির হোসেন (৪০)।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এছাড়া বাকি ১২ জনকে মাদক সেবনের দায়ে আদালত বিভিন্ন মেয়াদের সাজা দেয়।

তিনি আরো বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।