দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১০

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্র, ডাকাতি, চুরি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য এবং পরোয়ানাভূক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত দাউদকান্দি মডেল থানা পুলিশের একাধিক দল পৃথকভাবে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্র, ডাকাতি, চুরি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— রাশেল মিয়া (৩৯), মো. আবুল কালাম (৩২), শাহপীর (৪১), মো. বোরহান হোসেন (২০), মো. ফারুক (৩৯), মোঃ ইব্রাহিম খলিল প্রকাশ তালাশী (৪১), মোহাম্মদ হোসেন (২২), মো. কামাল হোসেন (৪৪), মো. বাবুল (৪১) এবং শিপন মিয়া (২৮)।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।