শেরপুরের নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ঝিনুক মালা (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। নিখোঁজের ৩০ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার সূত্রে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয় থেকে ঝিনুক মালা নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় তার বাবা এমদাদুল হক জিন্নাহ নকলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৮৭০) করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীর মা আসমা খাতুনের দাবি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তিনি জানতে পেরেছেন, জুয়েল (৩০) নামে এক ব্যক্তি ঝিনুককে সঙ্গে নিয়ে বাসযোগে ঢাকার উদ্দেশে চলে গেছেন। তবে এ তথ্যের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, আমি আজ বুধবার (১৯ আগস্ট) ঝিনুকের বাবার কাছ থেকে বিষয়টি জানতে পেরেছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
নকলার সচেতন মহল বলছেন, বিদ্যালয়টির চারদিকে প্রায় ৮ ফুট উচ্চতার সীমানাপ্রাচীর রয়েছে এবং সকাল ৯টা থেকে বিদ্যালয়ের গেটে দারোয়ান দায়িত্ব পালন করেন। এমন নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও কীভাবে একজন শিক্ষার্থী বিদ্যালয় থেকে বের হয়ে নিখোঁজ হলো—এ বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
নিখোঁজের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমকে জানানো হলে তিনি বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, নিখোঁজ ঝিনুককে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। থানায় জিডি হওয়ার পর থেকেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে উদ্ধারে কাজ করছেন। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
পরিবারের সদস্যরা দ্রুত নিখোঁজ শিক্ষার্থী ঝিনুককে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।