সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশেষ করে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে আলাচনায় চলে আসেন তিনি। এরপর শাকিব খানের সঙ্গে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে আলোচনার পাল্লা আরও ভারী করের তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই মডেল-অভিনেত্রী। নিয়মিত নতুন নতুন ছবি ও ভিডিও প্রকাশ করছেন তিনি। বর্তমানে থাইল্যান্ডের ফুকেটে অবকাশযাপন করছেন এই মডেল-অভিনেত্রী। সেখান থেকেই প্রকাশ করেছেন নিজের নতুন কিছু ছবি, যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।
প্রকাশিত ছবিগুলো মূলত ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের। সেখানে মিথিলার সঙ্গে আরও কয়েকজন মডেলকেও দেখা গেছে। লাল রঙের পোশাকে ফটোশুটে অংশ নেওয়া মিথিলার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরপরই প্রশংসার পাশাপাশি কটাক্ষেরও শিকার হচ্ছেন তিনি। কেউ তার স্টাইল ও গ্ল্যামারাস লুকের প্রশংসা করেছেন, আবার কেউ ছবিগুলোকে দারুণ বলে মন্তব্য করেছেন। এরই মধ্যে এক ভক্ত মিথিলাকে তুলনা করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সঙ্গে। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘নোরা ফাতেহি ২’। অনেকে আবার বাংলার নোরা ফাতেহি বলেও মন্তব্য করেছেন।
ফুকেটে মিথিলার সময় কাটানোর খবর অবশ্য এবারই প্রথম নয়। এর আগে একই সফর থেকে প্রকৃতির সৌন্দর্য ও অবকাশযাপনের বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি। এবার ‘এশিয়ান সুইম উইক’-এর ফটোশুটের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এলেন এই মডেল-অভিনেত্রী।