মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। 

কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি প্রিজনস) মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু দেশ রূপান্তরকে জানান, কারামুক্তির পর সাবেক এই প্রধান বিচারপতিকে নিজের বাসায় নেয়া হয়েছে। আজকেই চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে কারাগারে আটক ছিলেন তিনি। এর মধ্যেই বিভিন্ন সময়ে তাকে ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় করা মামলায় ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান খায়রুল হক। এর আগে পৃথক আট মামলায় জামিন পাওয়ার পর বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার করতে গত ২ জুলাই আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৮ জুলাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ৯ আগস্ট হাইকোর্টে জামিন আবেদন করেন খায়রুল হক। শুনানি শেষে ১০ আগস্ট আদালত তাকে অন্তর্বর্তী জামিন দেন। এরপর বুধবার তিনি কারাগার থেকে মুক্তি পান।