শ্রীপুর

গহিন জঙ্গলে চোলাই মদের আস্তানা, আটক ৩

গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত গজারি বনের ভেতর অভিযান চালিয়ে ৬ ড্রাম চোলাই মদ জব্দ করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পোষাইদ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মায়া রানী বর্মণ, জোনাকি বর্মণ ও সুকুমার চন্দ্র বর্মণ। তারা আদিবাসী সম্প্রদায়ের সদস্য এবং ওই বনের আশপাশে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, পোষাইদ এলাকার গহিন গজারি বনের ভেতরে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি মাদকসেবীর সংখ্যা বাড়ছিল। চোলাই মদ তৈরি ও বিক্রি বন্ধের দাবিতে স্থানীয়রা থানায় লিখিত অভিযোগও করেন। এর আগেও পুলিশ কয়েকজনকে আটক করে কারাগারে পাঠালেও পরে আবার চোলাই মদ তৈরি ও বিক্রি শুরু হয়।

পোষাইদ জামে মসজিদের সভাপতি ও বিএনপি নেতা মো. জাকির হোসেন রাজু বলেন, দীর্ঘদিন ধরে বনের ভেতরে চুপিসারে চোলাই মদ তৈরি ও বিক্রি চলছিল। এতে এলাকায় মাদকসেবীর সংখ্যা বেড়ে যায়। ফলে ছোটখাটো চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বাড়তে থাকে। এ নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা বিষয়টি একাধিকবার পুলিশকে অবহিত করেন। বুধবার পুলিশ অভিযান চালিয়ে বনের ভেতর থেকে মদভর্তি ৬ ড্রাম জব্দ করে।

শ্রীপুর মডেল থানার এসআই আবুল বাশার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর সহযোগিতায় বনের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ৬ ড্রাম চোলাই মদ জব্দ করা হয়। এলাকাটি বেশ নিরিবিলি হওয়ায় একটি চক্র দীর্ঘদিন ধরে সেখানে চোলাই মদ তৈরি ও বিক্রির কাজ করে আসছিল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ শাহীনুল আলম বলেন, আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।