গাইবান্ধায় ট্রাকের নিচে পড়ে হেলপার নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ট্রাকের নিচে পড়ে মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (২৬) নামের এক ট্রাকের সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক সিদ্দিক আলম (৪৫) আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ জেলার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক চাল নিয়ে ফুলছড়ির দিকে যাচ্ছিল। ফুলছড়ি-গাইবান্ধা সড়ক হয়ে ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর একটি চাকা ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে পড়ে মোজাহিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ওসি এসরাকুল হক। তিনি মুঠোফোনে বলেন, নিহতের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালে রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হবে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে।