কুমিল্লায় ১৮ থানায় একযোগে অভিযান: গ্রেপ্তার ৮৪

কুমিল্লা জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে ব্যাপক যৌথ অভিযান চালিয়েছে পুলিশ। জেলার ১৮টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তারদের কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলা পুলিশ সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধ ও সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত রাতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জেলার ১৮টি থানা এলাকার চিহ্নিত মাদক স্পট ও অপরাধপ্রবণ স্থানে একযোগে পুলিশ সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। 

তিনি আরও উল্লেখ করেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার চেষ্টা যথেষ্ট নয়। এর জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও কারবারি চক্রের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বজায় রেখে কুমিল্লা জেলা পুলিশের এই বিশেষ ও সমন্বিত অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার।