ফ্যামিলি কোর্টে সুনীতা, কোন সিদ্ধান্ত হলো!

বলিউড তারকা গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্যজীবন নিয়ে গত কয়েক মাস ধরেই বলিপাড়ায় জোর চর্চা। প্রায় চার দশকের দাম্পত্যের পর তাদের সম্পর্ক নিয়ে সুনীতার একাধিক মন্তব্য এবং অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে তার করা নানা অভিযোগ ইতিমধ্যেই সংবাদমাধ্যমের নজরে এসেছে। এরই মধ্যে আজ বুধবার মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে দেখা গেল সুনীতাকে। সঙ্গে ছিলেন তার ছেলে যশবর্ধন আহুজা এবং তাঁদের আইনজীবী। ফলে স্বাভাবিকভাবেই নতুন করে শুরু হয়েছে জল্পনা। 

আজ দুপুরে বান্দ্রার পরিবার আদালত থেকে বেরিয়ে আসতে দেখা যায় সুনীতাকে। পরনে ছিল স্ট্রাইপড শার্ট ও ট্রাউজার্স। তার সঙ্গে ছিলেন ছেলে যশবর্ধন। আদালত চত্বরের বাইরে আগে থেকেই অপেক্ষায় ছিলেন চিত্রসাংবাদিকরা। সুনীতাকে ঘিরে প্রশ্ন করা হলেও, পরিবারের আদালতে আসার কারণ নিয়ে অবশ্য কোনও স্পষ্ট উত্তর দেননি তিনি। 

বরং নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় পরিস্থিতি সামলে নেন সুনীতা। পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে গাড়িতে ওঠার আগে তিনি বলেন, ‘জন্মদিন পালন করতে এসেছি।’ তার এই মন্তব্যে উপস্থিত অনেকেই অবাক হন। তবে  অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দার বিরুদ্ধে দায়ের করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনীতা। তার দাবি, দম্পতির মধ্যে কোনো বিচ্ছেদ হচ্ছে না। এই সিদ্ধান্তকে ‘খুশির খবর’ বলেও উল্লেখ করেছেন তিনি। 

স্ক্রিন-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলেন,‘সুনীতা জি গোবিন্দার বিরুদ্ধে করা ডিভোর্সের মামলা প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে কোনো বিচ্ছেদ হচ্ছে না। সেই সময় তিনি যা বলেছিলেন, তখন হয়ত সেভাবেই অনুভব করেছিলেন। এখন তিনি মামলা তুলে নিয়েছেন। এটা সত্যিই খুশির খবর এবং তার এই সিদ্ধান্ত আমার ভালো লেগেছে।’ 

বিষয়টি প্রকাশ্যে চলে আসায় অবশ্য আক্ষেপ রয়েছে শশী সিনহার। তার কথায়, ‘আমার একমাত্র আক্ষেপ, বিষয়টি এতটা প্রকাশ্যে চলে এসেছিল। তবে এমন ঘটনা ঘটে। গোবিন্দাজি এবং তাদের সন্তানরা এই সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষ রয়েছেন। এটা এমন একটি ঘটনা, যেখানে একজন নিজের ভুল বুঝতে পেরে আবার ঘরে ফিরে এসেছেন। সেটাই ভালো।’ 

সুনীতার এই আদালত সফরের সময়টি নিয়েই তৈরি হয়েছে কৌতূহল। কারণ, সম্প্রতি গোবিন্দার সঙ্গে তার সম্পর্ক এবং অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে একাধিক মন্তব্য করেছিলেন সুনীতা। এমনকি স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। সেই মন্তব্যের পর থেকেই তাদের দাম্পত্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।