ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমির নতুন ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মনোনীত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জারি করা ওই চিঠিতে বোয়ালমারী জর্জ একাডেমির ম্যানেজিং কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে খন্দকার নাসিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।
চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে দাখিল করা আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে কমিটিটি পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মোহাম্মদ আনিচুজ্জামান পান্নু, অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. জাকির হোসেন চৌধুরী এবং সদস্যসচিব হিসেবে প্রধান শিক্ষক।
খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতির দ্বারা বোয়ালমারী জর্জ একাডেমির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূরীভূত হবে বলে এলাকাবাসীর বিশ্বাস।