দেশজুড়ে ডিলার নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও শক্তিশালী করতে ‘ডিলার রিওয়ার্ড কর্মসূচি’ আয়োজন করেছে র্যানকন ইলেকট্রনিক্স। কর্মসূচির আওতায় ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল ডিলারদের উমরাহ পালনের সুযোগ ও মোটরবাইক পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৫ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, বাজার সম্প্রসারণ এবং বিক্রি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় নির্বাচিত ডিলারদের একটি দলকে পবিত্র মক্কা ও মদিনায় উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি অন্য একদল সফল ডিলারের হাতে আনুষ্ঠানিকভাবে মোটরবাইক তুলে দেওয়া হয়।
র্যানকন ইলেকট্রনিক্সের মতে, দেশের বিভিন্ন অঞ্চলে ভোক্তাদের কাছে মানসম্পন্ন পণ্য পৌঁছে দেওয়া এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ব্যবসায়িক সাফল্যকে উৎসাহিত করা এবং পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে র্যানকন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার সামীর মোহাম্মদ সালেহ বলেন, ‘র্যানকন ইলেকট্রনিক্সের সাফল্যের পেছনে আমাদের ডিলার অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিষ্ঠা, আস্থা ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিলারদের সাফল্যই আমাদের সাফল্য।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয়; বরং এমন একটি শক্তিশালী ডিলার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে পারস্পরিক আস্থা, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত হবে। ভবিষ্যতেও ডিলার উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদারে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।’
এদিকে র্যানকন ইলেকট্রনিক্স বর্তমানে দেশব্যাপী তাদের ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় আগ্রহী নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। র্যানকন ইলেকট্রনিক্সের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন: ১৬৬০৭।