তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি আদালত। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে নারীদের অপমান এবং বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গত ১৭ জুন কৃষ্ণনগর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে আদালত থেকে তার বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। তবে একাধিকবার সমন জারি করা হলেও তিনি আদালতে হাজির হননি।

কৃষ্ণনগরের এই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, একটি ভিডিও বার্তায় মহিলাদের বোরকা পড়ে বিভিন্ন কর্মসূচি করার বার্তা দিয়েছিলেন তিনি। আদালত বলেন, অভিযুক্তের মধ্যে আদালতের নির্দেশ মেনে চলার বিষয়ে ‘উদাসীন মনোভাব’ দেখা যাচ্ছে। এ অবস্থায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছাড়া আদালতের সামনে আর কোনো বিকল্প ছিল না। একই সঙ্গে মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রতিবেদন আগামী ২৮ আগস্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।