নড়াইলের চাঞ্চল্যকর ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি রবিউল সিকদার রবিকে (৩৭) মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর পৌনে ১টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। হত্যাকা-ের এক মাসের মধ্যে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার ৮ কর্মদিবসের মধ্যে রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে রায় শোনার পর নিহত জান্নাতুল মাওয়ার মা, বাবাসহ স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকর করার দাবি জানান। এর আগে সকাল ৯টার দিকে নড়াইল কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামি রবিউল সিকদার রবিকে নড়াইলের আদালতে আনা হয়। এ সময় আদালত চত্বরেও ছিল কঠোর নিরাপত্তা। আদালত এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলামের এজলাসে নেওয়া হয় আসামি রবিউল সিকদারকে। ধর্ষণের পর হত্যাকা-ের ঘটনায় তিনি ধর্ষক রবিউল সিকদার রবিকে মৃত্যুদন্ডাদেশ ও ৩ লাখ টাকা জরিমানা করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে মফিজুর রহমানের ৫ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়াকে প্রতিবেশী আতিয়ার শিকদারের ছেলে রবিউল সিকদার ওরফে রবি তার ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। মেয়েকে না পেয়ে জান্নাতুলের পরিবারের সদস্যরা খুঁজতে খুঁজতে রবিউল সিকদারের ঘরে খাটের ওপর কাঁথা দিয়ে মোড়ানো অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় জান্নাতুলের বাবা-মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তার যৌনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল। দ্রুত মোটরসাইকেলযোগে জান্নাতুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরের দিন ২১ জুলাই সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রবিকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। এদিন মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় ২১ জুলাই জান্নাতুলের বাবা মফিজুর রহমান বাদী হয়ে ধর্ষক রবিউল সিকদার রবিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(২) ধারায় নড়াইল সদর থানায় মামলা করেন (মামলা নম্বর-১৪)। মামলাটি তদন্তের দায়িত্ব পড়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজিত কুমার কু-ুর ওপর।