প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বললেন

চালু হচ্ছে প্রবাসী কার্ড এটিএম কার্ডের মতো ব্যবহার করা যাবে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, চলতি মাসেই সরকার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করবে। এটিএম কার্ডের মতো প্রবাসী কার্ড ব্যবহার করে ব্যাংকিং লেনদেন করা যাবে এবং দেশে ফেরার পর বিভিন্ন সমস্যা সমাধানেও কার্ডটি কাজে লাগবে। এ ছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন।

গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ কার্যালয় মিলনায়তনে জেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননাস্মারক ও আর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, দেশের সব প্রবাসীকে পর্যায়ক্রমে প্রবাসী কার্ডের আওতায় আনা হবে। বর্তমানে যারা বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন, তাদের এই কার্ড দেওয়া হবে। আর যারা ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন, তাদের সংশ্লিষ্ট দেশের দূতাবাসের মাধ্যমে কার্ড পৌঁছে দেওয়া হবে।

দেশে চলমান বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, দেশে নিজস্ব গ্যাসের মজুদ সীমিত। বিদেশিদের কারিগরি সহায়তায় বিদ্যুৎ উৎপাদন করা হলেও বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের প্রয়োজন, যা বিদেশ থেকে ডলারে আমদানি করতে হয়। আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশে বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। প্রয়োজনীয় পণ্য আমদানির পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ পণ্য কেনার বিষয়েও ভারসাম্য রাখতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।