সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো ধরনের স্বার্থ ও শর্ত ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণভাবে বাংলাদেশকে আমন্ত্রণ জানালে সরকার সেটিকে স্বাগত জানাবে। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। তবে কোনো ধরনের শর্তের বিনিময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না।’ তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখেই বাংলাদেশের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক তৈরি হতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা জানান রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।