প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামীর মৃত্যুতে শেষ বিদায়ে অংশ নিতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আজ বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন। তার মেয়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম প্যারোলে মুক্তির এ আদেশ দেন। জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী আজ সকালে জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে দীপু মনিকে। তবে প্যারোলে মুক্তির সার্বক্ষণিক তিনি পুলিশের প্রহরায় থাকবেন বলে আদেশে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, বুধবার দুপুরে দিপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজ জেলা প্রশাসকের বরাবরে তার মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। এতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য সাবেক মন্ত্রী ডা. দীপু মনির মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, বুধবার দুপুর ১২টার দিকে মেয়ে তানি দীপাবলি মায়ের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে প্রবেশ করেন। মায়ের সঙ্গে কথা বলে মেয়ে দীপাবলি কারাগার থেকে বের হওয়ার পরই চারদিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ঘণ্টার জন্য মুক্তির আদেশ দেওয়া হয়েছে। আজ সকাল ৬টার দিকে দিপু মনিকে জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় ঢাকায় আনা হবে। দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।