কুড়িলে অপহৃত চিকিৎসক পূর্বাচলের জঙ্গল থেকে উদ্ধার

রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে অপহৃত দন্ত্য চিকিৎসক হাসিবুর হাসানকে (৪৩) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর উত্তর জোনের রাজউক আনসার গার্ডের একটি টহল দল।  বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯ নম্বর সেক্টরের একটি নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়।

ওই দিন সন্ধ্যায় জলসিঁড়ি মাস্টার ফার্মেসিতে রোগী দেখাতে যাওয়ার জন্য কুড়িল বিশ্বরোডের পাশে অপেক্ষা করছিলেন চিকিৎসক হাসিবুর। এ সময় জলসিঁড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি সাদা মাইক্রোবাসের চালক তাকে গাড়িতে তুলে নেন।

গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই মাইক্রোবাসে থাকা একটি চক্র চিকিৎসকের হাত-পা, চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ছাড়া চিকিৎসকের অ্যান্ড্রয়েড ফোন নিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১২ হাজার টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা।

পরে হাত, চোখ ও মুখ বাঁধা অবস্থায় চিকিৎসককে একটি জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় চক্রটি।

এ সময় ওই এলাকায় টহলরত পিসি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য হাফিজুর রহমান, মো. সাকিবুল, রতন মিয়া ও মো. জুবায়ের গোঙানির শব্দ শুনতে পান। তারা দ্রুত শব্দের উৎসের দিকে গিয়ে ঘটনাস্থলে চিকিৎসক হাসিবুরকে দেখতে পান এবং তাকে উদ্ধার করেন।

উদ্ধারের পর আনসার সদস্যরা চিকিৎসককে নিরাপদে তার গন্তব্যে পৌঁছে দেন। বিপদের সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মানবিকতা, বিচক্ষণতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ভুক্তভোগী চিকিৎসক।