রাবির জিয়া হলের শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই গঠন

‘একটা হল হাজারো স্মৃতি আর অসংখ্য প্রিয় মানুষ’এই প্রত্যয়কে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েটে বলে জানিয়েছে হল সংসদের সংশ্লিষ্টরা।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহের লক্ষ্যে ইতোমধ্যে রেজিস্ট্রেশন ফর্ম প্রকাশ করা হয়েছে। এতে হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধনের পাশাপাশি নিজ নিজ ব্যাচ, রুমমেট, বন্ধু ও পরিচিত প্রাক্তন শিক্ষার্থীদের কাছে ফর্মটি পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশন ফর্মে বলা হয়, কেউ ছিলেন রুমমেট, কেউ সহপাঠী, কেউ জুনিয়র বা সিনিয়র আবার কেউ হয়ে উঠেছেন জীবনের ঘনিষ্ঠ বন্ধু। সময়ের ব্যবধানে অনেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেও শহীদ জিয়াউর রহমান হল তাদের সম্পর্কের সেই বন্ধন আজও ধরে রেখেছে। হলের আবাসিক কিংবা অনাবাসিক যে ব্যাচেরই হোন না কেন, প্রত্যেকেই এই পরিবারের একজন।

এবিষয়ে জিয়াউর রহমান হল সংসদের ভিপি মোজাম্মেল হক বলেন, হল সংসদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা। সেই লক্ষ্যেই আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন শিক্ষক ও জিয়া হলের সাবেক সিনিয়র ভাইদের সঙ্গে যোগাযোগ করে কথা বলছি। এভাবেই সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে। প্রক্রিয়া শেষ হলে দ্রুতই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে পারব বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা। অর্থের অভাবে আমরা হলের অনেক কাজ করতে পারছি না। অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলে এর মাধ্যমে অনেক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। সিনিয়র ও জুনিয়রদের মধ্যে যে যোগাযোগ ও লিংক থাকা দরকার, সেটি তৈরি হলে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান শিক্ষার্থীরা নানা ধরনের সহযোগিতা ও সুবিধা পেতে পারে।

জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবার রহমান বলেন, সদস্য সংগ্রহের জন্য আমরা রেজিস্ট্রেশন শুরু করেছি। সদস্য সংগ্রহের পর অ্যালামনাইয়ের অনুষ্ঠান কখন এবং কীভাবে করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।