ক্যান্সারে আক্রান্ত ৭ বছরের আবু সুফিয়ান, মানবিক সহায়তার আকুতি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর উত্তর গ্রামের ৭ বছরের শিশু মো. আবু সুফিয়ান প্রায় এক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দীর্ঘদিন ধরে অসুস্থ শিশুটির চিকিৎসা চালাতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে তার পরিবার। অর্থের অভাবে নিয়মিত ও প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তার বাবা-মা।

আবু সুফিয়ান ওই গ্রামের মো. বাবুল মিয়া ও মাসকুরা বেগমের সন্তান। প্রায় এক বছর আগে তার শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে চিকিৎসা নেওয়া হলেও ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছে।

শিশুটির মা মাসকুরা বেগম জানান, ছেলের অসুস্থতা ধরা পড়ার পর থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করিয়ে আসছেন। কিন্তু দিন দিন চিকিৎসার ব্যয় বেড়ে যাওয়ায় এখন আর পরিবারের পক্ষে সেই খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘আমার সন্তানকে সুস্থ করে তুলতে চাই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছি না। সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতা পেলে হয়তো আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে পারব।’

আবু সুফিয়ানের পরিবার শিশুটির চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।

পরিবারের আশা, মানবিক মানুষদের সহযোগিতা পেলে ক্যান্সারে আক্রান্ত ছোট্ট আবু সুফিয়ানের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে এবং সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।