দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত

দেশের বাজারে প্রতি ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা করা হয়েছে।

এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ আগস্টও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়। একইভাবে ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৪ হাজার ২০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারিত রয়েছে।