ভোলার মনপুরায় মেঘনা নদীতে শরীফ মাঝির জালে প্রায় ২ কেজি ওজনের একটি বড় ইলিশ ধরা পড়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রামনেওয়াজ মাছঘাটের অনি চৌধুরীর গদিতে ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।
বড় আকারের মাছটি ঘাটে আনার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং এক নজর দেখতে ভিড় করে তারা।
জেলে শরীফ মাঝি বলেন, মেঘনায় মাছ ধরার সময় জালে বড় ইলিশটি ধরা পড়ে। এত বড় ইলিশ পাওয়ায় তারা খুশি। পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন।
আড়তদার অনি চৌধুরী বলেন, মেঘনায় এখন এমন বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না।বেশ কয়েকদিন থেকে ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে উৎসাহ বাড়ছে।
স্থানীয় জেলেরা জানায়, বড় ইলিশের পাশাপাশি ভালো দাম পাওয়ায় নদীতে মাছ ধরার প্রতি তাদের আগ্রহ আরও বাড়ছে।