মুরাদনগরে নারীসহ ৩ জনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানা পুলিশের যৌথ উদ্যোগে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরমতলা গ্রামের মজনুর ছেলে শাহজালালকে (২৪) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, কৃষ্ণপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. এমরানকে (৪২) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং সিদ্ধেশ্বরী গ্রামের কালাচানের মেয়ে মিলন রানী সরকারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

অভিযানে মুরাদনগর থানার পুলিশের একটি দল অংশ নেয়।

ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে।