প্রধানমন্ত্রীর ভারত সফরের আশা দিল্লির, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আশা করছে দিল্লি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী তাকে এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দিনেশ ত্রিবেদী। এ সময় কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশি নাগরিকদের ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। কলকাতার হোটেলে নিহত বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পাবেন কি না, সে বিষয়ে তিনি কোনো প্রশ্ন করেননি বলেও জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। ভারতীয় হাইকমিশনার শুধু জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তারেক রহমান ভারত সফর করবেন-এমনটাই আশা করছে দিল্লি।