ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন যাবৎ গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কাঁদার শব্দ শুনতে পান। শব্দের উৎস ধরে তারা নদীর আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও রাতের অন্ধকারে তাকে উদ্ধার করতে পারেননি। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি বোয়ালমারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।