জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, সজ্জন ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি পদে তার নির্বাচিত হওয়া দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।
উপাচার্য আরও বলেন, আমার বিশ্বাস, নৈতিকভাবে আলোকিত এই মহামান্যের স্পর্শে রাষ্ট্রের সর্বস্তরে ছড়িয়ে পড়বে মূল্যবোধ এবং অর্জিত হবে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা সমুন্নত রাখবেন এবং দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘ কর্মময় জীবন এবং রাষ্ট্রপতি হিসেবে সফলতা কামনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।