হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগ মনেশ্বর রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুর রহমান (৫৫)।

বৃহস্পতিবার ( ২০ আগস্ট) বেলা ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। 

আব্দুর রহমানের বাড়ি নওগাঁর রানীগঞ্জ উপজেলার এনায়েতপুর সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রকিব। ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রীসহ মনেশ্বর রোডেই থাকতেন তিনি।

গ্যারেজ মালিক মো. আরিফ হোসেন জানান, মনেশ্বর রোডে তার গ্যারেজ। সেখানেই ব্যাটারিচালিত রিকশা রাখে রহমান। দুপুরে রিকশা নিয়ে এসে চার্জে দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।